আলবদর ১৯৭১ - মুনতাসীর মামুন
ভূমিকা
মুক্তিযুদ্ধের কতগুলো বিষয় আছে যা সম্পর্কে বিস্তারিত গ্রন্থ আজও লেখা হয়নি। এগুলো হলো-মুক্তিফৌজ, রাজাকার, আলবদর, শান্তিকমিটি, বীরাঙ্গনা ইত্যাদি। বিভিন্ন বিবরণে এদের উল্লেখ আছে বটে কিন্তু সম্পূর্ণ গ্রন্থ কোথাও নেই। অবশ্য, এ প্রসঙ্গে উল্লেখ্য যে, এসব বিষয়ে তথ্যেরও নিদারুণ অভাব।
মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চার সময় এসব বিষয়ে চিন্তাভাবনা করেছি। পরে এক সময় নিজেই উদ্যোগ নিই এসব বিষয়ে গ্রন্থ রচনার। এ পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে দু'টি বিষয়ে আমার লেখা দু'টি গ্রন্থ প্রকাশিত হয়েছে-শান্তি কমিটি ১৯৭১, বীরাঙ্গনা ১৯৭১। আলবদর নিয়ে তথ্য ছিল কম। হঠাৎ মনসুর খালেদের বইটি পেয়ে মনে হলো-এ বিষয়ে একটি বই রচিত হতে পারে। আলবদর বাহিনী সম্পর্কে আমাদের জ্ঞান ছিল সীমিত। আলবদরদের সদস্যরা নিজেদের সম্পর্কে তথ্য শৃঙ্খলার সঙ্গে বিনষ্ট করেছে। এদের একটা অংশ যারা সাধারণ সদস্য ছিল, ১৭ ডিসেম্বর তারা সাধারণের ভিড়ে মিশে গেছে। অন্য এলাকায় গিয়ে বসতি স্থাপন করেছে। কিছু আলবদর বিদেশ চলে গেছে। এইসব আলবদররাই পরে জামায়াতে ইসলামীর ভিত্তি গড়ে তোলে ১৯৭৫ সালের পর।
মূলত সেলিম মনসুর খালেদ গ্রন্থ এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে আলবদর ১৯৭১ রচিত হলো। এ বাহিনীর হিংস্রতা ছিল তুলনারহিত। জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ রূপান্তরিত হয়েছিল আলবদর বাহিনীতে, তাদের সঙ্গে ছিল কিছু অবাঙালি ও স্বাধীনতা বিরোধী অন্যান্য দলের যুবকরা। পাকিস্তানী বাহিনীর অধীনে ছিল এরা। অপারেশন চালাবার সময় পাকিস্তানী কমান্ডারের আদেশ তাদের মানতে হতো কিন্তু মূলত স্বশাসিত বাহিনী হিসেবেই এরা কাজ করেছে। আজকে যাদের বিচার হচ্ছে যুদ্ধাপরাধী হিসেবে তাদের সিংহভাগ ১৯৭১ সালে ছিলেন আলবদর কমান্ডার।
আলবদর বাহিনী পাকিস্তানী সেনা বাহিনীর সহযোগী শক্তি হিসেবে কাজ করলেও তাদের নির্দিষ্ট একটি লক্ষ ছিল বাঙালি পেশাজীবীদের হত্যা। পাকিস্তানী বাহিনীর পরিকল্পিত গণহত্যার অংশ ছিল তা। ডিসেম্বরের প্রথম দুই সপ্তাহ তাদের এই হত্যাকান্ড তুঙ্গে ওঠে। শাদা পায়জামা পাঞ্জাবী, মুখে মুখোশ বা রুমাল বাঁধা-এই ছিল তাদের ইউনিফর্ম। মাইক্রোবাস, পাকিস্তানী সেনাবাহিনীর জিপ ও তৎকালীন ইপিআরটিসির বাস নিয়ে তারা প্রতিরাতে বেরিয়ে পড়ত, নিজামী বা মুজাহিদের নির্দেশে। পদের ধরে নেয়া হতো তাদের প্রধানত রায়ের বাজার ও মিরপুর নিয়ে নির্যাতনের পর হত্যা করে আশেপাশের জলায় ফেলে দেয়া হতো। একজন বিদেশী সাংবাদিক ১৬ ডিসেম্বর রায়ের বাজারের জলাভূমিতে শতশত মৃতদেহ দেখে মন্তব্য করেছিলেন-"Its not only utterly shocking but we
are ashamed that we belong to human race which is capable of doing this." হৎকালীন সংবাদপত্রগুলোতে লেখা হয়েছিল, এদের ক্ষেত্রে যেন জেনিভা কনভে শন প্রয়োগ করা না হয়। এরা মানুষ নয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পর একটি যথার্থ কাজ করেছিলেন তা হলো ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করেছিলেন। জামায়াতে ইসলাম ও ইসলামী ছাত্রসংঘ শুধু ধর্মভিত্তিক দল ছিল না এ দু'টি ছিল যুদ্ধাপরাধীদের খুনী- ধর্ষকদের দল। ১৯৭২ সালে সংবাদপত্রগুলি আর কোনো শব্দ তাৎক্ষণিকভাবে না পেয়ে এদের ফ্যাসিস্ট হিসেবে সবসময় উল্লেখ করেছে। এই নিষেধাজ্ঞা বলবৎ থাকলে আজ আর অবস্থা ১৯৭১ সালের মতো হতো না।
বিএনপির প্রতিষ্ঠাতা লে. জে. জিয়াউর রহমান আলবদর বা জামায়াতীদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। শুধু তাই নয়, যে সব আলবদর, জামায়াতী জেলে ছিল তাদেরও মুক্তি দেন। এ ভাবে বঙ্গবন্ধুর বিপরীতে নিজেকে তিনি প্রতিষ্ঠা করেন আলবদর বন্ধু হিসেবে। কতোটা প্রতিহিংসাপরায়ণ হলে, কতোটা বিকৃত রুচির হলে, কতোটা ক্ষমতালোভী হলে এ ধরনের কাজ করা যায় তা অনুমেয়।
আলবদর বন্ধুর সহায়তা পেয়ে বড় আলবদর যেমন, নিজামী, মুজাহিদ, কামারুজ্জামান প্রভৃতি পাকিস্তান থেকে দেশে ফিরতে থাকেন এবং আবার জামায়াতী ইসলামীর ভিত্তি স্থাপন করেন। ইসলামী ছাত্রসংঘের নাম বদল করে ইসলামী ছাত্র শিবির রাখা হয়। কেননা ছাত্রসংঘতো আলবদরে রূপান্তরিত হয়েছিল।
এসব অনেক ইতিহাস ছিল অজানা। এখনও বলা যেতে পারে আলবদরদের সম্পর্কে এক দশমাংসও জানা যায়নি। পরবর্তীকালে হয়ত কখনও বিস্তারিত ভাবে এর ওপর লেখা হবে। আমি আপাতত হাতের কাছে যেসব উপাদান পেয়েছি তা দিয়েই আলবদর ১৯৭১-এর কাঠামো নির্মাণ করেছি। কিছু উপাদান সংগ্রহে অপার সাহায্য করেছেন জনাব মতিউর রহমান, তবে, আলবদরদের সম্পর্কে প্রথম বিস্তারিত প্রতিবেদনটি তৈরির যাবতীয় প্রশংসা প্রাপ্য মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ কেন্দ্রের যা পরে পরিণত হয় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিতে। গ্রন্থাকারে প্রকাশিত হওয়ার আগে বইটির কিছু অংশ দৈনিক জনকণ্ঠে প্রকাশিত হয়েছিল। ধারাবাহিকভাবে তা ছাপার জন্য জনাব তোয়াব খান ও শ্রী স্বদেশ রায় ধন্যবাদাহ।
এই সব ঘাতকদের বিচারের জন্য ১৯৭২ সাল থেকে আমরা সক্রিয় ছিলাম। অবশেষে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে ঘাতক আলবদরদের বহু প্রতীক্ষিত বিচার শুরু হয়। এই বই প্রকাশিত হওয়ার সময় হয়ত দুই একজনের বিচারের রায় হয়ে যাবে। তারপর কিছুদিন অপেক্ষা করতে হবে রায় কার্যকর হওয়ার জন্য। আমরা সৌভাগ্যবান যে জীবিত থাকাকালীন আলবদরদের বিচার দেখে গেলাম।
ঢাকা বিশ্ববিদ্যালয়
ইতিহাস বিভাগ
২০১৩
মুনতাসীর মামুন

